শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে সেখানে পৌঁছানোর পর তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে রাত ৮টা ১৫ মিনিটে জেএম সেন হলের পূজামণ্ডপে পৌঁছান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম ভ্রমণের অংশ হিসেবে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং সেখান থেকে সরাসরি পূজামণ্ডপের উদ্দেশ্যে রওনা হন। পূজামণ্ডপে পৌঁছালে তাকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধিরা উষ্ণ অভ্যর্থনা জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সাথে সরকারের উচ্চপর্যায়ের বেশ কয়েকজন মন্ত্রী, উপদেষ্টা ও দলীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে আরও যুক্ত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সহ স্থানীয় বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরা।
