বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে কলেজের লাইব্রেরি-সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়। থামাতে গিয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান খান আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, অনুষ্ঠানের শেষপর্যায়ে কলেজের লাইব্রেরির সামনে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের কর্মীদের সঙ্গে বিএম কলেজের একদল ছাত্রদল কর্মীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায়। নবীনবরণ উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক নজমুল হক বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষদিকে কয়েক শিক্ষার্থী লাইব্রেরির পাশের ফুলের বাগানে ঘুষাঘুষিতে জড়িয়ে পড়েন। খবর পেয়ে তারা গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একপর্যায়ে অধ্যক্ষের গালের ওপরের অংশ কেটে যায়। তাকে দ্রুত চিকিৎসা দেওয়া হয়।