ব্যারাকপুরে নতুন বুকিং অফিস।
Published on
:
1 min read
দুর্গাপুজোর আগে শিয়ালদহ ডিভিশনের একাধিক স্টেশনে চালু হলো নতুন পরিষেবা। ব্যারাকপুর স্টেশনে নতুন টিকিট বুকিং কাউন্টার চালু হয়েছে। শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশনে আধুনিক, বিমানবন্দরের আদলে পে অ্যান্ড ইউজ শৌচাগার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধা তো হবেই, বারো মাসই উপকৃত হবেন সাধারণ যাত্রীরা।
দুর্গাপুজোর আগে যাত্রীদের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে শিয়ালদহ ডিভিশন যাত্রী পরিষেবার উন্নতি এবং উৎসবের সময়ে বিপুল ভিড় সামাল দেওয়ার লক্ষ্যে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে।
ব্যারাকপুর স্টেশনের নতুন টিকিট বুকিং কাউন্টারটি খোলায় সুবিধা হবে যাত্রীদের। বিশেষত ব্যস্ত সময়ে এবং উৎসবের মরশুমে ভিড় কমাতে এই কাউন্টারে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে। শিয়ালদহ ও বালিগঞ্জ স্টেশনে বিমানবন্দরের আদলে তৈরি আধুনিক পে অ্যান্ড ইউজ শৌচাগার কমপ্লেক্সও মঙ্গলবার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। দমদম স্টেশনে এই সুবিধাটিও দুর্গাপুজোর ঠিক আগে চালু করার পরিকল্পনা রয়েছে। উৎসবের সময় বিপুল সংখ্যক যাত্রীর কথা মাথায় রেখে তৈরি এই কমপ্লেক্সগুলিতে পুরুষ, মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের জন্য পৃথক ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শিয়ালদহের DRM রাজীব সাক্সেনা বলেন, ‘এই উদ্যোগগুলি উন্নত পরিকাঠামো ও প্রয়োজনীয় পরিষেবার মাধ্যমে যাত্রীদের বাস্তব চাহিদা পূরণে শিয়ালদহ ডিভিশনের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন। যাত্রীদের চলাচল আরও সহজ করা, তাঁদের সুবিধা বৃদ্ধি করা এবং যাত্রার অভিজ্ঞতাকে আরও ভালো করে তুলতে আমরা নিরন্তর কাজ করে চলেছি। উৎসবের সময়ে লক্ষ লক্ষ মানুষ যখন নিজেদের গন্তব্যে পৌঁছনোর জন্য শহরতলির রেল পরিষেবার উপর নির্ভর করেন, তখন এই উদ্যোগগুলির গুরুত্ব আরও বেড়ে যায়।’