চোটের আঘাতে রক্ষণে ঘাটতি তৈরি হয়েছে আগেই, এখন মাঝমাঠেও এই সমস্যা ক্লাসিকোর আগে কোচ হান্সি ফ্লিকের জন্য বড় দুশ্চিন্তার কারণ।
Published : 21 Oct 2026, 08:12 PM
Updated : 21 Oct 2026, 08:12 PM
পিএসজির বিপক্ষে হারের ম্যাচে আরেক বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। চোট পেয়ে ছিটকে গেছেন দানি ওলমো। ক্লাসিকোর আগে যা কোচ হান্সি ফ্লিকের জন্য বড় দুশ্চিন্তার কারণ।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার পিএসজির মাঠে ৪-২ গোলে হারের ম্যাচে শুরুর একাদশে নামেন ওলমো। কিন্ত বেশিক্ষণ খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ভিতিনিয়ার সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান ওলমো, এবং ২৭তম মিনিটে তাকে তুলে নেন কোচ হান্সি ফ্লিক।
পরদিন ক্লাবের পক্ষ থেকে এই মিডফিল্ডারের বাঁ অ্যাবডাক্টরে চোটের বিষয়টি নিশ্চিত করা হয়।
“পরীক্ষায় দানি ওলমোর বাঁ অ্যাবডাক্টরে চোট ধরা পড়েছে…এই খেলোয়াড়কে এক মাসের মতো বাইরে থাকতে হতে পারে।”
চোট নিয়ে ফ্লিকের দুর্ভাবনা এখানেই শেষ নয়। ডিফেন্ডার এরিক গার্সিয়া আগেই কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন। চোটের কারণে পিএসজির বিপক্ষে খেলতে পারেননি জুল কুন্দেও।
এছাড়া চোটের জন্য আগে থেকে বাইরে আছেন ডেনমার্কের আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। তাই সেন্টার-ব্যাক পজিশনের জন্য ফ্লিকের হাতে বিকল্প খেলোয়াড়ের ঘাটতি আছে।
মৌসুমে টানা ১১ জয়ের পর প্রথম হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা; এতে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লড়াইয়ের আগে তাদের আত্মবিশ্বাসে কিছুটা চোটও লাগতে পারে। আগামী রোববার লা লিগায় বার্সেলোনার মাঠে গড়াবে ক্লাসিকো ম্যাচটি।
লিগে প্রথম ৯ রাউন্ডের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৬ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ।
