ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অসন্তুষ্ট ব্রুনো ফার্নান্দেজ। পর্তুগিজ এই মিডফিল্ডার আগামী জানুয়ারির দলবদলেই ওল্ড ট্রাফোর্ড ছাড়ার কথা ভাবছেন বলে খবর প্রকাশ করেছে তুরস্কের সংবাদমাধ্যম ফানাতিক।
ইউনাইটেডের অধিনায়ক ব্রুনোর সঙ্গে ক্লাবের নতুন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো সমঝোতা হয়নি। ক্লাবের উচ্চাকাঙ্ক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট ধারণা পাওয়ার অপেক্ষায় আছেন তিনি। নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়ে জানুয়ারিতে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে।
ব্রুনোর সম্ভাব্য গন্তব্য হিসেবে আলোচনায় এসেছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। এর আগে গ্রীষ্মকালীন দলবদলেও পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার চেষ্টা করেছিল তুর্কি ক্লাবটি। তবে তখন ইউনাইটেড তাদের প্রস্তাবে রাজি হয়নি।
ইউনাইটেডে ব্রুনোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা অবশ্য নতুন নয়। ক্লাবটির হয়ে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই মিডফিল্ডার এর আগেও দলটির ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে হতাশার কথা জানিয়েছেন। নতুন চুক্তি নিয়ে আলোচনা কোন দিকে এগোয়, সেটিই এখন দেখার বিষয়।
এইচজেএস
