বিশ্ব চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ শিক্ষার্থী চলচ্চিত্র উৎসব ‘ভিজিআইকে আন্তর্জাতিক শিক্ষার্থী উৎসব’-এর অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিশি’। বিশ্বের প্রথম চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত রাশিয়ার বিখ্যাত ‘গেরাসিমভ ইনস্টিটিউট অব সিনেমাটোগ্রাফি’ আয়োজিত এই আসরে এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা অংশ নেওয়ার ইতিহাস গড়ল। প্রযোজনা সংস্থা ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া জানিয়েছে, আগামী ১৬ থেকে ২০ নভেম্বর রাশিয়ার রাজধানী মস্কোতে অনুষ্ঠিতব্য উৎসবের ৪৬তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে চলচ্চিত্রটি।
গোলাম রাব্বানী ও জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রটি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ, গ্রিন ফিল্ম স্কুল অ্যালায়েন্স এবং ইউনেসকো ঢাকার সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। উৎসবে নির্বাচিত হওয়ার অনুভূতি জানিয়ে নির্মাতা গোলাম রাব্বানী বলেন, বাংলা সিনেমা ‘নিশি’র একের পর এক আন্তর্জাতিক অর্জনে তিনি অত্যন্ত আনন্দিত। এই অর্জন কেবল ব্যক্তিগত নয়, বরং তা বাংলাদেশের সামগ্রিক চলচ্চিত্র ইতিহাসকে সমৃদ্ধ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
চলচ্চিত্রটির গল্প আবর্তিত হয়েছে সিলেটের একটি চা-বাগানের প্রান্তিক জনপদের সংকটকে ঘিরে। গল্পে দেখা যায়, তীব্র সুপেয় পানির সংকটের কারণে চা-শ্রমিকের মেয়ে নিশির লেখাপড়া হঠাৎ বন্ধ হয়ে যায়। সেই সুযোগ নিয়ে নিশিদের বাড়িতে একটি টিউবওয়েল বসানোর প্রলোভন দেখিয়ে অপ্রাপ্তবয়স্ক নিশিকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় এক কাঠ ব্যবসায়ী লালচাঁন। চা-বাগানের বাস্তব আবহ তুলে ধরতে গোলাম রাব্বানীর গল্প ও চিত্রনাট্যে নির্মিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে বাস্তবের চা-বাগানের শ্রমিকের মেয়ে নিশি এবং চা-শ্রমিক বিশ্বজিৎ, গণেশ ও ভারতী অভিনয় করেছেন।
সিলেটের মনোরম অথচ বৈরী চা-বাগান এলাকায় শুটিং হওয়া এই চলচ্চিত্রের চূড়ান্ত সম্পাদনা, কালার গ্রেডিং ও সাউন্ড ডিজাইনের কারিগরি কাজ সম্পন্ন হয়েছে পোল্যান্ডের বিশ্ববিখ্যাত লজ ফিল্ম স্কুলে। সিনেমাটির চিত্রগ্রাহক হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী নাতালিয়া পুসনিক। আন্তর্জাতিক অঙ্গনে এর আগেও প্রশংসিত হয়েছে ‘নিশি’; প্রথম বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে এটি যুক্তরাষ্ট্রের ৩৫তম ‘এমা অ্যাওয়ার্ড’ জয়ের গৌরব অর্জন করে এবং পরবর্তীতে দ্বাদশ গ্রিন মন্টেনিগ্রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও বিশেষ পুরস্কার লাভ করে।
