বাংলাদেশে বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুর্গোৎসবের এই আনন্দ পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। গতকাল বিকালে রাজধানীর উত্তরা সার্বজনীন পূজা কমিটি আয়োজিত দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
মণ্ডপ পরিদর্শনকালে ভক্ত ও দর্শনার্থীদের
সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘এবার বাংলাদেশে অত্যন্ত বর্ণিল ও সুন্দর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।’ পূজার আনন্দ ভাগাভাগি করতে আসার অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এখানে কেবল হাইকমিশনার হিসেবে আসিনি, এসেছি আপনাদের পরিবারের একজন সদস্য হিসেবে।’
এ সময় দেশজুড়ে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা নিয়েও সন্তোষ প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী। তিনি আশা প্রকাশ করে বলেন, শারদীয় দুর্গোৎসবের এই মহোৎসব মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করবে।
পরিদর্শনকালে মণ্ডপ কমিটির নেতা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
