কালবেলা · খেলাধুলা
‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই’
২৩/১০/২০২৬

তরুণ প্রজন্মকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ফুটবল টুর্নামেন্টে খেলার উদ্বোধনকালে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘তরুণ প্রজন্মকে খেলার মাঠে যত বেশি সম্পৃক্ত করা যাবে, সমাজ তত বেশি সুন্দর ও সুশৃঙ্খল থাকবে। এই মাঠ থেকেই খেলোয়াড়েরা জেলা, বিভাগ পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করবে। বাউফলের সব খেলার মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলব, ইনশাআল্লাহ।’
বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে অনিয়মের অভিযোগ তুলে ড. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা যখন একটি মিনি স্টেডিয়ামের দাবিতে মন্ত্রণালয়ে গিয়ে জানতে পারলাম বাউফলে একটি মিনি স্টেডিয়াম রয়েছে। এ সংক্রান্ত কাগজপত্রও মন্ত্রণালয়ে আছে। বরাদ্দের টাকা খরচ করা হয়েছে বলে জানানো হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, সেখানে মাত্র দুটি টয়লেট নির্মাণ করা হয়েছে। বিগত সরকারের আমলে এভাবে বাউফলবাসীর সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে আমরা মনে করি।’
তিনি বলেন, ‘সৎ ও দক্ষ জনপ্রতিনিধি নির্বাচিত করা গেলে এ ধরনের দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধ করা সম্ভব। জনগণের স্বার্থে জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠা জরুরি।’
বাউফলের উন্নয়নে নানা উদ্যোগ উন্নয়ন কার্যক্রম প্রসঙ্গে সংসদ সদস্য মাসুদ বলেন, ‘বাউফলে রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কার ও ভবন সম্প্রসারণ, মসজিদ-মন্দির নির্মাণ, নদীভাঙন রোধ এবং মাদক নির্মূলে প্রয়োজনীয় কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বাউফলবাসী মাথা উঁচু করে বাঁচতে চায়। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করে একটি সুন্দর বাউফল গড়ে তুলতে চাই।’
খেলাধুলা ও রাজনীতির মধ্যে তুলনা টেনে সংসদ সদস্য বলেন, ‘খেলার মাঠে যেমন দুটি পক্ষ থাকে, রাজনীতির মাঠেও একাধিক পক্ষ থাকে। প্রতিপক্ষকে আঘাত করে কেউ প্রকৃত বিজয়ী হতে পারে না। বিজয় অর্জন করতে হয় কৌশল, দক্ষতা ও যোগ্যতা দিয়ে। আমরা বাউফলে গালাগালি ও আঘাতের রাজনীতির পরিবর্তে আদর্শের বিজয়ের মাধ্যমে বাউফলবাসীকে বিজয়ী করতে চাই, ইনশাআল্লাহ।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক দাওয়াহ ও আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম।
মূল প্রতিবেদনে যান ↗