শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরের তিনটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা ইব্রাহিম খান। তিনি ব্যবসায়ী ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ও জনতা ট্রেডার্সের স্বত্বাধিকারী।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি পৌর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের ধর্মীয় উৎসব উদ্যাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে ইব্রাহিম খান বলেন, “বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিষ্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষের দেশ। আমরা একে অপরের সুখে-দুঃখে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। এ দেশকে এগিয়ে নিতে আমাদের সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। এটি মানুষের মৌলিক ও সাংবিধানিক অধিকার। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন নিরাপদে ও নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে।
ইব্রাহিম খান ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সব সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় পূজামণ্ডপের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলার আহ্বান জানান ইব্রাহিম খান।
The post রায়পুরে তিন পূজামণ্ডপ পরিদর্শন করলেন ব্যবসায়ী নেতা ইব্রাহিম খান appeared first on ভোরের চেতনা.
