বাগেরহাটে জেলা নাগরিক কমিটি গঠনে সাত সদস্যের আহ্বায়ক কমিটি
বাগেরহাট প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বাগেরহাট সদর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভায় জেলা নাগরিক কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে শহরের উদয়ন-বাংলাদেশের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ও উদয়ন-বাংলাদেশ যৌথভাবে সভাটির আয়োজন করে।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি প্রভাষক কামরুল ইসলামের সভাপতিত্বে সভার শুরুতে আগের অধিবেশনের কার্যবিবরণী পাঠ করেন কমিটির সদস্য গোপী নাথ সাহা।
সভায় অক্টোবরের মধ্যে জেলা নাগরিক কমিটি গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা তৈরির সিদ্ধান্ত হয়। পাশাপাশি আগামী ছয় মাসের কর্মপরিকল্পনা এবং টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) ৫ ও ১৬ নম্বর লক্ষ্য বাস্তবায়নে নাগরিক কমিটির ভূমিকা নিয়ে আলোচনা হয়।
সাত সদস্যের আহ্বায়ক কমিটিতে রয়েছেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাদিরা আকরাম, গোপী নাথ সাহা, সাংবাদিক এস এম রাজ, মোল্লা আব্দুর রব, হেনা এবং উদয়ন-বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাংবাদিক ইসরাত জাহান।
সভায় আগামী ছয় মাসে নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ ও সরকারের ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া ওয়ার্ড পর্যায়ে প্রান্তিক জনগোষ্ঠীর তালিকা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সরকারি সেবা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তি সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহি ও অংশগ্রহণমূলক স্থানীয় শাসন নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। নাগরিকদের অংশগ্রহণ বাড়ানো এবং স্থানীয় উন্নয়ন পরিকল্পনায় জনগণের সম্পৃক্ততা নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্ম ভূমিকা রাখছে।
তাঁরা আরও বলেন, নারী, যুবসমাজ, প্রান্তিক জনগোষ্ঠী ও সুশীল সমাজের কণ্ঠস্বর শক্তিশালী করা এবং স্থানীয় পর্যায়ে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় এ প্ল্যাটফর্ম কাজ চালিয়ে যাবে।
সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, মনিরুজ্জামান মনির, কহিনুর বেগম, শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, লাভলী মণ্ডল, আশরাফুল ইসলাম মনির ও ফিরোজ হাওলাদারসহ কমিটির অন্য সদস্যরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নাগরিক কমিটির সদস্য গোপী নাথ সাহা।
নাগরিক প্রকল্পের আওতায় আয়োজিত এ কার্যক্রমে অর্থায়ন করেছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ), সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন।
