কক্সবাজারের চকরিয়ায় ৯৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় থানা কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো. আব্দুল আজিজ বলেন, দুর্গাপূজা এবং প্রতিমা বিসর্জন ও পূজা পরবর্তী সময় এই তিন পর্যায়ে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে পূজাকেন্দ্রিক পুলিশের নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে।
আরও পড়ুন
তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো মহল বা গোষ্ঠী যাতে সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
দুর্গাপূজার আনন্দঘন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় চকরিয়ায় প্রতিবছরের মতো এবারও নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, অপপ্রচার, গুজব কিংবা ছবি প্রকাশের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
তিনি বলেন, ‘দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যাতে অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে জন্য চকরিয়া থানা পুলিশ সতর্ক রয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি বা ছোটখাটো বিরোধ যেন বড় ঘটনায় রূপ না নেয়, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিতভাবে উদ্যোগ নিতে হবে।।’
কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার পরিদর্শক (তদন্ত) নুরে আলম মাসুম সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি ও বাংলাদেশ জুয়েলারি সমিতির চকরিয়া উপজেলার সাধারণ সম্পাদক নারায়ণ কান্তি দাশ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পণ্ডিত মিঠন আচার্য, চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সুনীল দাশ, পৌর সভাপতি লিটন কান্তি দাশ, সাধারণ সম্পাদক লালন শর্মা কাঁকনসহ পূজা উদযাপন পরিষদের নেতারা।
এছাড়া, উপজেলার বিভিন্ন এলাকার ৪৯টি দুর্গাপূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য চকরিয়া উপজেলায় ৪৯টি মণ্ডপে সাড়ম্বরে প্রতিমা পূজা এবং ৫০টি মণ্ডপে ঘটপূজা মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
রাজু দাশ/অলি/
