রাজবাড়ী জেলা শহরে সন্ত্রাসীদের গুলিতে পিয়ারুল সরদার (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদের সামনে এ গুলির ঘটনা ঘটে।
পিয়ারুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের হারুন সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সজ্জনকান্দা পুর্ব পাড়া জামে মসজিদ থেকে বের হলে মোটরসাইকেলে করে হেলমেট পরা দুর্বৃত্তরা এসে গুলি করে পালিয়ে যায়। পরে লোকজন তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যায়।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক ডা. মিঠুন বলেন, পিয়ারুল সরদারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। মরদেহ হাসপাতালে রয়েছে।
রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, পিয়ারুলের বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৫টি মামলা রয়েছে। হত্যার কারণ অনুসন্ধান, অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
