দেশের মডেলিং, ফ্যাশন ও বিনোদন অঙ্গনের পরিচিত মুখ তুলনা আল হারুন আর নেই। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টা ৫ মিনিটে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছোট ভাই আয়াজ। তুলনার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তুলনা। ব্রেন টিউমার থেকে পরবর্তী সময়ে তাঁর ক্যানসার ধরা পড়ে। এ কারণে তাঁকে শারীরিক নানা জটিলতার মধ্য দিয়ে যেতে হয়। একপর্যায়ে তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরেছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বিআরবি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তুলনা। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর ফেরানো সম্ভব হয়নি। দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াইয়ের পর তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা।
তুলনা আল হারুন মডেলিং, অভিনয় ও টেলিভিশন উপস্থাপনার মাধ্যমে নিজের পরিচিতি গড়ে তুলেছিলেন। দীর্ঘ কর্মজীবনে বিনোদন অঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তিনি। মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিতি পাওয়ার পাশাপাশি টেলিভিশন উপস্থাপিকা হিসেবেও দর্শকের কাছে পরিচিত ছিলেন।
ফ্যাশন অঙ্গনেও ছিল তাঁর উল্লেখযোগ্য অবদান। ফ্যাশন কোরিওগ্রাফার ও স্টাইলিস্ট হিসেবে কাজ করে সুনাম অর্জন করেছিলেন তুলনা। সৃজনশীলতা, কাজের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার কারণে এই অঙ্গনে তাঁর আলাদা অবস্থান তৈরি হয়েছিল।
পেশাগত ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ছিলেন তিনি। তাঁর হাস্যোজ্জ্বল উপস্থিতি, প্রাণবন্ত ব্যক্তিত্ব ও ইতিবাচক মনোভাব অনুসারীদের অনুপ্রাণিত করত। দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করলেও ব্যক্তিগত জীবনের সেই কঠিন সময়ের অনেকটাই আড়ালে রেখেছিলেন তুলনা। ক্যামেরার সামনে তাঁর প্রাণবন্ত উপস্থিতি এবং কাজের প্রতি নিষ্ঠাই ছিল পরিচিতদের কাছে তাঁর অন্যতম বৈশিষ্ট্য।
তুলনা আল হারুনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তাঁর সহকর্মী, মডেল, ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন কোরিওগ্রাফার ও ভক্তরা। তাঁর মৃত্যুতে দেশের মডেলিং, ফ্যাশন ও বিনোদন অঙ্গনের অনেকে গভীর শোক জানিয়েছেন।
সহকর্মীদের মতে, তুলনার চলে যাওয়া দেশের মডেলিং ও বিনোদনশিল্পের জন্য অপূরণীয় ক্ষতি। বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজ, সৃজনশীলতা ও পেশাগত অবদান তাঁকে দীর্ঘদিন স্মরণীয় করে রাখবে।
পারিবারিক সূত্রে জানানো হয়েছে, শনিবার (২৪ অক্টোবর) মোহাম্মদপুরের মনসুরাবাদ পিসিকালচার হাউজিংয়ের ৩ নম্বর রোডে তুলনা আল হারুনের জানাজা শেষে তাঁকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।
তাঁর মৃত্যুতে শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিনোদন অঙ্গনের সহকর্মী ও শুভাকাক্সক্ষীরা।
The post মারা গেলেন মডেল-অভিনেত্রী তুলনা আল হারুন first appeared on দৈনিক আজকের জামালপুর.
