রায়পুরে চার্জে থাকা ফোনে অনলাইন গেম খেলার সময় বিস্ফোরণ; গুরুতর আহত রুবেলকে ঢাকায় পাঠানো হয়েছে
মোহাম্মদ মনির হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ০৫:২১:২৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ছবি- লক্ষ্মীপুরের রায়পুরে চার্জে থাকা মুঠোফোন বিস্ফোরণে চিকিৎসাধীন আহত যুবক।
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
লক্ষ্মীপুরে চার্জে থাকা মুঠোফোন বিস্ফোরণে দুই যুবক আহত হয়েছেন। তাঁদের মধ্যে রুবেল (২২) নামের এক যুবকের দুই চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁর দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে এ দুর্ঘটনা ঘটে। আহত অপর যুবকের নাম শাকিল (২০)। তাঁরা দুজনই ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার সময় রুবেল ও শাকিল একটি দোকানে বসে চার্জে যুক্ত থাকা মুঠোফোনে অনলাইন গেম খেলছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে মুঠোফোনটি বিস্ফোরিত হয়। এতে মুঠোফোনের ডিসপ্লে ও ব্যাটারির ভাঙা অংশ রুবেলের মুখমণ্ডল ও চোখে আঘাত করে। পাশে থাকা শাকিলও আহত হন।
পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, বিস্ফোরণে রুবেলের চোখ ও মুখমণ্ডলে গুরুতর আঘাত লেগেছে। তাঁর চোখের ভেতরের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দৃষ্টিশক্তি রক্ষা করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অন্যদিকে, শাকিলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুম বলেন, চার্জে থাকা অবস্থায় মুঠোফোনে গেম খেলার সময় এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটবে, তা কেউ ভাবতে পারেননি। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শনের জন্য দল পাঠিয়েছে। প্রাথমিকভাবে মুঠোফোনের ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

