কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ২৪ ঘণ্টা পরও স্থাপনাটি থেকে ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। এ ছাড়া এ ঘটনায় রিসোর্টের মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
রবিবার (১৮ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ১০টার পরও অগ্নিকাণ্ডের শিকার রিসোর্টটির ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ফজল কাদের বলেন, ‘এটি খুবই দুঃখজনক একটি ঘটনা। সারা রাত ঘুমাতে পারিনি। সকালে এসে দেখি এখনো ধোঁয়া বের হচ্ছে।’
এর আগে, শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে লাগা আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। কাঠের তৈরি রিসোর্টটিতে আগুনের সূত্রপাত ও দ্রুত ছড়িয়ে পড়ার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহানের নেতৃত্বে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটিতে ফায়ার সার্ভিস, উখিয়া উপজেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধি থাকবে।
অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- ঢাকার বনশ্রী এলাকার ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভি (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), ফাইজান আহমেদ (৫), সাবরিন (২৩), জেরিফ (১৮), নাফিস্তা মীম (২৭), নাসরিন আক্তার মুক্তা (২৯) ও ফারিহা কবির (৩৩)। নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন চিকিৎসক শিহাব উদ্দিন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. সুবুক্তগীন মাহমুদ সোহেল বলেন, ‘পাঁচজনের শরীরের প্রায় ৫ শতাংশ পুড়ে গেছে। তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আরেকজনকে বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।’
রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্ট মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ বাদী হয়ে শনিবার রাতে মামলাটি করেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।
রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকেও মামলার আসামি করা হয়েছে। তবে মোট কতজনকে এই মামলার আসামি করা হয়েছে তা জানাননি ওসি আতিকুর।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোর্শেদ জানান, সমুদ্রের তীব্র বাতাসে কাঠের তৈরি রিসোর্টটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। জেলায় ৫০০টির বেশি হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এর অনেকগুলোই বাধ্যতামূলক অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছে।
তারেকুর রহমান/খাদিজা রুমি/
