
‘উচ্চশিক্ষার রূপরেখা: স্বপ্ন পূরণে সঠিক দিকনির্দেশনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে। বৃহস্পতিবার কলেজের ব্যবস্থাপনায় এবং ইনিশিয়েটিভ ফর স্টুডেন্টস (ইনস)-এর উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। কলেজটিতে প্রথমবারের মতো আয়োজিত উচ্চশিক্ষাবিষয়ক এ সেমিনারে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
সেমিনারে মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা মুজিব হলের ভিপি তাসনিম আক্তার আলিফ নাবিলা। এ সময় বক্তব্য দেন কলেজের প্রভাষক তহুরা বেগম ও শামীমা আক্তার, ইউসাসের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরাজ আল মাহমুদ, ইনসের সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহসিন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী আব্দুল বাসিত এবং হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থী জুবায়দা জুলি।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার সুযোগ, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আরও সচেতন হবে। পাশাপাশি নিজেদের লক্ষ্য অর্জনে সুপরিকল্পিতভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে তারা।
