উলিপুরে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৪, একজনের কারাদণ্ড

কুড়িগ্রামের উলিপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া গাঁজাসহ আটক করা হয়েছে আরও একজনকে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর ২০২৬ বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ি গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশের একটি দল। এ সময় নিজ বসতবাড়ি থেকে সাত পিস ইয়াবা ট্যাবলেটসহ নবমুসলিম মো. আবদুল্লাহকে (পূর্বনাম শ্রী নরেন চন্দ্র) গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার শ্রী সুরেন চন্দ্রের ছেলে।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।
একই দিন রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা গ্রামের পাথারি মসজিদসংলগ্ন এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। এ সময় হাসিবুর রহমান রানুর নির্মাণাধীন একটি বাড়িতে অবস্থানরত উলিপুর পৌরসভার নারকেলবাড়ি এলাকার মো. রফিকুল ইসলাম (৩৮) ও থেতরাই এলাকার মো. আসাদুজ্জামান রিপনকে (৩৮) ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। রফিকুল ইসলাম ওই এলাকার মো. জহুর উদ্দিনের ছেলে এবং আসাদুজ্জামান রিপন মো. মকবুল হোসেনের ছেলে। এ ঘটনায়ও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
অন্যদিকে, ১৮ অক্টোবর রাত ২টার দিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হোন্ডা মোবাইল ডিউটি চলাকালে উপজেলার ৪ নম্বর পান্ডুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সিদ্ধান্ত মালতিবাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আট পুরিয়া গাঁজাসহ মো. মাইদুল ইসলামকে (৩৫) আটক করা হয়। তিনি মৃত কলিমুদ্দিন মণ্ডলের ছেলে।
পরে উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাইদুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আইন অনুযায়ী অতিরিক্ত দণ্ডের বিধান রাখা হয়।উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিষয়ে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
এই বিভাগের আরো খবর






