কুমিল্লায় আলোচিত জান্নাতুন তাজমীন (১৫) হত্যাকাণ্ডের ঘটনায় আটক তার ‘ফেসবুক বন্ধু’ রিয়াজ উদ্দিন রাজুকে জিজ্ঞাসাবাদ করেছে কক্সবাজার পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রতারণার আশ্রয় নিয়ে নিজেকে হোটেল মালিকের ছেলে পরিচয় দিয়ে তাজমীনের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলেছিল রাজু। পরে কক্সবাজারের একটি রিসোর্টে স্বামী-স্ত্রী পরিচয়ে তারা অবস্থান করে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজুকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করে কক্সবাজার সদর থানা। এর আগে তাকে জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান।
জানা গেছে, কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুন তাজমীন হত্যাকাণ্ডের সঙ্গে রাজু জড়িত না থাকলেও নাবালিকাকে প্ররোচনার মাধ্যমে বিপথগামী করার অভিযোগে তাকে আটক করে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের কলাতলীর লুলুয়া রিসোর্টের সামনে অভিযান চালিয়ে রাজুকে আটক করে পুলিশ। আটক রাজু বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বড়ছনখোলা এলাকার মনির আহমেদের ছেলে।
পুলিশ সূত্র জানায়, তাজমীন হত্যা মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজুর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে।
এর আগে, গত বুধবার (৭ অক্টোবর) বাড়ি ফেরার পথে কুমিল্লার লালমাই উপজেলায় হত্যার শিকার হয় তাজমীন। পরদিন সকালে ভোরালজগপুর উত্তরপাড়া গ্রামের একটি ধানখেতের আইল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়। সুমন মিয়া বর্তমানে কুমিল্লা কারাগারে রয়েছে।