রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন কাজ এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এই উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রায় ১০ বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য উন্মুক্ত হতে যাচ্ছে ওসমানী উদ্যান। প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে উদ্যানটির আধুনিকায়ন করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর নগরবাসী আধুনিক ও দৃষ্টিনন্দন পরিবেশে উদ্যানটি ব্যবহারের সুযোগ পাবেন। হাঁটাচলা, অবসর যাপন ও পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটানোর উপযোগী করে সাজানো হয়েছে পুরো এলাকা।
জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আন্দোলনে অংশ নেওয়া বীর যোদ্ধাদের স্মরণে উদ্যানে নির্মাণ করা হয়েছে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা ঐতিহাসিক আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি স্মরণ করতে পারবেন।
সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নে রাখা হয়েছে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি, শিশুদের খেলার জায়গা, কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। এসব সুবিধার মাধ্যমে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও পারিবারিক সময় কাটানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
উদ্বোধনের মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা ওসমানী উদ্যান আবারও রাজধানীবাসীর জন্য উন্মুক্ত হবে।
