কালবেলা · সাধারণ
চিকিৎসকের কাছে যাওয়ার সময় দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
২৫/১০/২০২৬

চাঁপাইনবাবগঞ্জ শহরে মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন স্কুলশিক্ষক হাজেরা বেগম। পথে ট্রলির ধাক্কায় আহত হয়ে হাসপাতালে মারা যান তিনি। এসময় আহত হয়েছেন একজন।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার লালাপাড়া মোড়ে শিবগঞ্জ-চাঁপাইনবাবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
হাজেরা বেগম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার গ্রামের মৃত সনু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাই শাহজাহান আলীর মোটরসাইকেলে করে চিকিৎসকের কাছে চাঁপাইনবাবগঞ্জ শহরে যাচ্ছিলেন হাজেরা। লালাপাড়া মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗