নাম শুনলে মনে হতে পারে তিনি অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। তবে তিনি অস্ট্রেলিয়ান নন, পাকিস্তানের এক উদীয়মান ক্রিকেটার। নামের চমক ছাপিয়ে এবার ব্যাট হাতেও নজর কেড়েছেন ১৭ বছর বয়সি এই তরুণ।
পাকিস্তানের স্কুল ক্রিকেটে দুর্দান্ত সেঞ্চুরি করে আলোচনায় উঠে এসেছেন তিনি। হ্যাপি প্যালেস গ্রামার স্কুলের বিপক্ষে কামরান পাবলিক স্কুলের হয়ে মাত্র ১০৮ বলে ১১৭ রানের ঝলমলে ইনিংস খেলেন অ্যাডাম গিলক্রিস্ট।
তার বিধ্বংসী ব্যাটিংয়ে নির্ধারিত ৪০ ওভারে ২৯৭ রানের বড় সংগ্রহ গড়ে কামরান পাবলিক স্কুল। পরে প্রতিপক্ষকে ১৭২ রানের বিশাল ব্যবধানে হারায় দলটি। অসাধারণ ব্যাটিংয়ের পাশাপাশি নামের কারণেও এখন ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন এই তরুণ।
অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্টের নামের সঙ্গে তার নামের মিলের পেছনে রয়েছে মজার এক গল্প। তরুণ ক্রিকেটারের ‘অ্যাডাম’ নামটি রেখেছিলেন তার মা। আর ক্রিকেটের প্রতি গভীর অনুরাগী ও অস্ট্রেলিয়ান ক্রিকেটের সমর্থক বাবা নামের সঙ্গে জুড়ে দেন ‘গিলক্রিস্ট’।
শুধু নামেই নয়, খেলার ধরনেও অস্ট্রেলিয়ার কিংবদন্তির সঙ্গে কিছুটা মিল রয়েছে পাকিস্তানের এই কিশোরের। তিনিও বাঁহাতি উইকেটকিপার-ব্যাটার এবং সীমিত ওভারের ক্রিকেটে ইনিংসের সূচনা করেন।
তবে নামের সঙ্গে মিল থাকলেও নিজের ক্রিকেটীয় আদর্শ হিসেবে অন্য একজন কিংবদন্তিকে বেছে নিয়েছেন তিনি। সেঞ্চুরির পর নিজের পছন্দের ক্রিকেটারের নাম জানিয়ে গিলক্রিস্ট বলেন, ‘আমি কুমার সাঙ্গাকারার মতো হতে চাই। তিনিই আমার প্রিয়।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আয়োজনে চলমান স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে দেশের ১০০ জেলার ১ হাজার ৪২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২১ হাজার ক্রিকেটার। তৃণমূল পর্যায়ে ক্রিকেটের বিকাশ এবং প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে নেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।
এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ ক্রিকেটাররা নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি সম্ভাবনাময় খেলোয়াড়দের দেশের বয়সভিত্তিক ক্রিকেটের পরবর্তী ধাপে উঠে আসার পথও তৈরি হচ্ছে। আর সেই মঞ্চেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে ভবিষ্যতের সম্ভাবনাময় ক্রিকেটার হিসেবে নজর কেড়েছেন পাকিস্তানের এই ‘অ্যাডাম গিলক্রিস্ট’।