মতলবে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
-
মতলব (চাঁদপুর) প্রতিনিধি - আপডেট সময় ০১:৩৫:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল(৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে তার বাবার দোকানে পেঁপে পৌঁছে দিতে যায়। দোকানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বাড়ি ফেরার পথে গ্রামের একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ওই সময় শওকত আলী ছৈয়াল শিশুটিকে হাত ধরে টেনে পাশের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার মা তাসলিমা বেগমের সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির বাবা ছেবত আলী ছৈয়াল বাদী হয়ে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে মতলব উত্তর থানায় মামলা করেছেন। মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। মামলা নাম্বার ৮২। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ
