শেখ আব্দুল হান্নান। ছবি: সংগৃহীত
-->দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কাতারে গ্রেপ্তার হয়েছেন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান।
গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করে কাতার পুলিশ। ই-মেইলের মাধ্যমে দুদককে এ তথ্য জানিয়েছে ইন্টারপোল।
রবিবার (১৮ অক্টোবর) কমিশনের নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ বিষয়ে দুদক সচিব মো. সাইদুর রহমান খান বিস্তারিত জানাবেন বলে জানা গেছে।
আরও পড়ুন
এর আগে, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থপাচারের (মানিলন্ডারিং) অভিযোগে বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। গত বছর এসব মামলা করা হয়।
দুদকের করা প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের উৎসের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। একই মামলায় তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করেছে দুদক।
অন্যদিকে, দ্বিতীয় মামলায় শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি, তাকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করেছে দুদক।
সালমান/
