কালবেলা · সাধারণ
টেকনাফে কৃষককে অপহরণ, গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি
২১/১০/২০২৬

কক্সবাজারের টেকনাফে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নে সুপারি বাগান থেকে মো. রফিক নামের এক কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ের গভীরে অপহরণ করে নিয়ে গেছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। অপহরণের সময় তিন রাউন্ড গুলি ছুড়ে এলাকাজুড়ে চরম আতঙ্ক সৃষ্টি করে অপরাধীরা।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী (চৌকিদার পাড়া) পাহাড়সংলগ্ন এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। অপহৃত মো. রফিক স্থানীয় বাসিন্দা।
নিখোঁজ রফিকের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বাড়ির চারপাশে কুকুরের অস্বাভাবিক ডাক শুনে বাগানে চোর ঢুকেছে বলে সন্দেহ হয় পরিবারের। রফিকের স্ত্রী প্রথমে একবার উঠে বাগান ঘুরে আসেন। কিছুক্ষণ পর আবারও আশপাশে হইচই ও আওয়াজ শুনে রফিক নিজে বাড়ির পাশের পাহাড়সংলগ্ন সুপারি বাগানে দেখতে যান। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ৫-৬ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। একপর্যায়ে রফিককে অস্ত্রের মুখে জিম্মি করে টেনেহিঁচড়ে পাহাড়ের গহিন অরণ্যে নিয়ে যায় তারা।
ঘটনার সময় স্থানীয়দের ছত্রভঙ্গ ও আতঙ্কিত করতে দুর্বৃত্তরা ফাঁকা তিন রাউন্ড গুলি ছুড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। হঠাৎ গুলির শব্দে চারপাশের অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও অভিযোগ, পাহাড়সংলগ্ন এই জনপদে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে অপহরণ ও চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে। যার কারণে নিজেদের ফসলি জমি ও সুপারি বাগানে কাজ করতে যেতেও প্রতিনিয়ত জীবনের ঝুঁকিতে ভুগছেন সাধারণ মানুষ।
খবর পেয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে।
বাহারছড়া তদন্ত ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. আবু সাঈদ জানান, অপহৃত কৃষককে উদ্ধার এবং এ অপহরণের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের শনাক্ত করতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, অপহৃত ব্যক্তিকে উদ্ধার এবং অপহরণকারী চক্রটিকে আইনের আওতায় আনতে আমাদের কয়েকটি টিম পাহাড়ি এলাকা ও সম্ভাব্য আস্তানাগুলোতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মূল প্রতিবেদনে যান ↗