দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় এক নারী ও তার দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মৃত নারীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আখতার (২৩), তাদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আখতার (১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিল হোসেন (২৭) মাদকাসক্ত হওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে গেলে স্বর্ণা আখতার তার দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নারীর স্বামী শাকিল হোসেন, তার শ্বশুর ও শাশুড়িকে প্রাথমিকভাবে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্তাধীন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
