লক্ষ্মীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় ৩৪ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২ মণ ইলিশ ও ১ লাখ ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। আটক জেলেদের ৪টি মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাত ১০টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জেলেদের অর্থদণ্ড প্রদান করেন।
সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা নদীতে ইলিশ শিকারে যায়। দিনব্যাপী মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জেলেকে আটক করেছে। এ সময় প্রায় ২ মণ ইলিশ জব্দ করা হয়। পরে ইলিশগুলো স্থানীয় ৪টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। জব্দকৃত ১ লাখ ২০ হাজার মিটার জাল জনসম্মুখে আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।
লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, মেঘনা নদীর সদর উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করেছে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে।
