যশোর অফিস : যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও সাফল্য অর্জনের ক্ষেত্রে প্রতিযোগিতার কোনো বিকল্প নেই। তবে সাফল্য অর্জন করতে হলে ছাত্রীদের মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ এবং অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও যশোর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নুল আবেদীন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আহসান হাবীব পারভেজ ও শিরিনা খাতুন।
আলোচনা শেষে মোট ২৪৬ জন কৃতী ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

