সময় কত দ্রুত বয়ে যায়! দেখতে দেখতে তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে জাতীয় দৈনিক খবরের কাগজ। ১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার পত্রিকাটির এই প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ, গর্ব ও নতুন প্রত্যাশার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান, জনমানুষের কথা তুলে ধরা এবং সমাজের নানা অসংগতি প্রকাশের মধ্যদিয়ে পত্রিকাটি এগিয়ে চলেছে নিজস্ব অঙ্গীকার নিয়ে।
একটি সংবাদপত্র কেবল সংবাদ প্রকাশের মাধ্যম নয়; এটি সমাজের দর্পণ, মানুষের কণ্ঠস্বর এবং জনস্বার্থ রক্ষার গুরুত্বপূর্ণ হাতিয়ার। দৈনিক খবরের কাগজ দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক নানা বিষয়ে সংবাদ ও মতামত প্রকাশের মাধ্যমে পাঠকের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।
গ্রামীণ জনপদের সমস্যা, প্রান্তিক মানুষের প্রত্যাশা, কৃষকের সংগ্রাম, শিক্ষার্থীদের স্বপ্ন, নারীর অগ্রযাত্রা এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ যথাযথভাবে তুলে ধরা দায়িত্বশীল সাংবাদিকতার অন্যতম কাজ। চতুর্থ বর্ষে পদার্পণের এই শুভক্ষণে দৈনিক খবরের কাগজের কাছে প্রত্যাশা–অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে। সাধারণ মানুষের অধিকার, সমাজের সমস্যা এবং ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনাগুলো গুরুত্ব পাবে। একই সঙ্গে সংবাদ পরিবেশনে স্বাধীনতা, সাহস, নিরপেক্ষতা ও পেশাগত সততা আরও সুদৃঢ় হবে। তিন বছরের অভিজ্ঞতাকে পুঁজি করে চতুর্থ বর্ষ হোক আরও দায়িত্বশীল, সাহসী ও জনমুখী সাংবাদিকতার নতুন অধ্যায়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দৈনিক খবরের কাগজের সম্পাদক, সাংবাদিক, সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রাবন্ধিক, দৈনিক খবরের কাগজ
drmazed96@gmail.com
