এনসিপির কর্মসূচিতে চোখ হারানো আলিফের বাবা মারা গেছেন
হবিগঞ্জ প্রতিনিধি
- আপডেট সময় : ১২:০৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
এনসিপির কর্মসূচিতে সংঘর্ষে চোখে গুরুতর আঘাত পাওয়া আলিফ চৌধুরীর বাবা মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি।
আলিফ চৌধুরী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক চৌধুরী ও আতিকা বেগম চৌধুরীর ছেলে। তিনি জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক। স্থানীয় হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।
চার ভাই-বোনের মধ্যে আলিফই পরিবারের একমাত্র সুস্থ সদস্য। পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করে তিনি সংসারের খরচ চালাতেন। তাঁর মা আতিকা বেগম চৌধুরীও প্রতিবন্ধী। বড় ভাই আতিক চৌধুরী মানসিক প্রতিবন্ধী ও বেকার। দুই বোনকে আত্মীয়স্বজনের সহযোগিতায় বিয়ে দেওয়া হয়েছে।
পরিবারটির নিজস্ব বলতে রয়েছে একটি বসতভিটা। আত্মীয়স্বজন ও প্রবাসী স্বজনদের সহযোগিতার পাশাপাশি আলিফের উপার্জনে চলত সংসার। তাঁর চোখে গুরুতর আঘাতের পর থেকেই পরিবারটি আর্থিক অনিশ্চয়তায় পড়ে।
গত ২৮ জুলাই সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হল প্রাঙ্গণে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে কোর্ট মসজিদ এলাকায় সংঘর্ষ হয়। ওই ঘটনায় আলিফের বাঁ চোখে গুরুতর আঘাত লাগে। এতে তাঁর চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে গেছে।

