রংপুরের পীরগঞ্জ পৌরসভায় একটি নির্মাণাধীন ভবন ধসে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ধ্বংসস্তূপ থেকে আহত তিন শ্রমিককে উদ্ধার করেন।
নিহতরা হলেন রাজমিস্ত্রি আসাদুল ইসলাম (৩০)। তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক রসুলপুর গ্রামের ঠান্ডা মণ্ডলের ছেলে। অপর নিহত শিহাব মিয়া (২১) রংপুরের বুড়িরহাট এলাকার ডাসারপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।
আহতরা হলেন পীরগঞ্জ উপজেলার মজিলা তাহিরপুর গ্রামের হায়দার আলী মণ্ডলের ছেলে লিটন মণ্ডল (২৮), ওসমানপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে সেলিম মিয়া (৩০) এবং গোবর্ধনপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে বাবলা মিয়া (৩৫)। তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নির্মাণাধীন ভবনটি ধসে পড়লে শ্রমিকেরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। তবে ভবন ধসের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, “দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি নিহত ও আহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এ ছাড়া পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকীউল বারী এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে সংসদ সদস্য, ইউএনও ও ওসি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আহত শ্রমিকদের খোঁজখবর নেন এবং তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
ঘটনার বিষয়ে সামগ্রিক তথ্য দিয়ে সহযোগিতা করেন পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. তাজুল ইসলাম। ভবন ধসের প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত এবং নির্মাণকাজে নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
The post পীরগঞ্জে নির্মাণাধীন ভবন ধসে দুই শ্রমিক নিহত, আহত ৩ appeared first on ভোরের চেতনা.
