মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘অবিলম্বে কার্যকর’ হবে এমন একটি ‘জ্বালানি-সংক্রান্ত যুদ্ধবিরতি’ নিয়ে সমঝোতা হয়েছে এবং উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। রবিবার ট্রুথ স্যোশালে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।
রাশিয়া এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রথমে ট্রাম্পের এই ঘোষণায় বিস্ময় প্রকাশ করলেও পরে তিনি এতে সমর্থন দিয়েছেন।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে কঠোর ভাষায় সতর্ক করেছিলেন যেন তারা রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালানো অবিলম্বে বন্ধ করে।
ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই খবরটি সামনে এল।
জেলেনস্কি রবিবার বলেছিলেন, “রাশিয়া যদি আমাদের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করে, তবে আমরাও রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা বন্ধ করতে প্রস্তুত থাকব।”
রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে দেশ দুটির মধ্যে যুদ্ধ এখন পঞ্চম বছরে গড়িয়েছে। এই সময়ে উভয় পক্ষই একে অপরের অবকাঠামোর ওপর হামলা জোরদার করেছে।
ট্রাম্পের ঘোষণার পরে জেলেনস্কি এক্স-এ লিখেছেন, “ইউক্রেন এই যুদ্ধবিরতিকে সমর্থন করে এবং এটি গুরুত্বপূর্ণ যে রাশিয়াও যেন এতে সমর্থন জানায়।”
জেলেনস্কি বলেন, “আমরা মার্কিন পক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছি। আমাদের দিক থেকে, উত্তেজনা প্রশমন, জীবন রক্ষা এবং যুদ্ধ সমাপ্তি ও দীর্ঘস্থায়ী শান্তি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপকে ইউক্রেন সর্বদা পূর্ণ সমর্থন জানিয়ে এসেছে।”
