আজকাল ওয়েবডেস্ক: ফরাসি ওপেনের শেষ চারে পিভি সিন্ধু। ভারতের আশা জিইয়ে রাখলেন অলিম্পিকে দু'বারের পদকজয়ী। শুক্রবার কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চিউ পিন-চিয়ানকে স্ট্রেট গেমে হারিয়ে মেয়েদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১ নম্বরে থাকা সিন্ধু। প্যারিসের অ্যারেনা গ্র্যান্ড প্যারিসে ৩৯ মিনিটের লড়াইয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে থাকা চিউকে ২১-১৩, ২১-১৪ গেমে হারান ভারতীয় শাটলার। প্রথম গেমের শুরু থেকেই দাপট দেখান সিন্ধু। বিরতিতে ১১-৫ এ এগিয়ে যাওয়ার পর সহজেই গেম জিতে নেন। দ্বিতীয় গেমেও ৭-০ লিড নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখেন সিন্ধু।
চিউয়ের বিরুদ্ধে এটি সিন্ধুর দ্বিতীয় জয়। গত মাসে ২০২৬ এশিয়ান গেমসেও চাইনিজ তাইপের শাটলারকে হারিয়েছিলেন। চলতি বছরে এই নিয়ে চতুর্থবার কোনও বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর প্রতিযোগিতার সেমিফাইনালে উঠলেন সিন্ধু। জানুয়ারিতে মালয়েশিয়া ওপেন এবং জুনে অস্ট্রেলিয়ান ব্যাডমিন্টন ওপেনে শেষ চারে পৌঁছেছিলেন। জুলাইয়ে জাপান ওপেন জেতেন ভারতীয় তারকা। শনিবার সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ার পুত্রি কুসুমা ওয়ার্দানি বা জাপানের হিনা আকেচির মধ্যে একজন।
এদিকে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছেন ভারতের আর এক তারকা অস্মিতা চালিহা। প্রি-কোয়ার্টার ফাইনালে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আকানে ইয়ামাগুচিকে হারিয়ে কেরিয়ারের সবচেয়ে বড় জয় পাওয়া চালিহা এদিন জাপানের অলিম্পিক পদকজয়ী নোজোমি ওকুহারার কাছে ২১-১০, ১৭-২১, ২১-১৬ গেমে হারেন। ফলে বিডব্লিউএফ সুপার ৭৫০ প্রতিযোগিতায় এখন ভারতের একমাত্র প্রতিনিধি সিন্ধুই। পুরুষদের সিঙ্গলসেও ভারতের অভিযান বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছিল। চোটের জন্য ম্যাচের মাঝপথে অবসর নেন আয়ুষ শেঠি। অন্যদিকে, প্রথম রাউন্ডের ম্যাচের আগেই নাম প্রত্যাহার করে নেন লক্ষ্য সেন। পুরুষদের ডবলসে সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি এবং মেয়েদের ডবলসে ত্রেসা জলি-গায়ত্রী গোপীচাঁদ জুটিও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। অর্থাৎ, একমাত্র সিন্ধু দেশের ব্যাটন বয়ে নিয়ে যাচ্ছেন।
