ছবি: সংগৃহীত
-->ভারতের বিপক্ষে লিগ পর্বের ম্যাচে ৪৭–১৩ গোলে হেরেছিল বাংলাদেশ। ৩৪ গোলের সেই ব্যবধান দুই দলের শক্তির পার্থক্যটাই স্পষ্ট করে দিয়েছিল। এবার সেই ভারতের বিপক্ষেই শিরোপার লড়াইয়ে নামতে হবে বাংলাদেশকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির ফাইনালে বাংলাদেশ ও ভারত একে অপরের মুখোমুখি হবে। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।
লিগ পর্বে ভারতের বিপক্ষে বড় হার থেকে শিক্ষা নিয়ে এই ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। আগের ম্যাচের ভুল শুধরে ব্যবধান কমিয়ে লড়াই করাই মূল লক্ষ্য স্বাগতিকদের।
আরও পড়ুন
ফাইনালের আগে আজ অনুশীলনে ভারতের দ্রুত আক্রমণ সামলানো ও বলের দখল ধরে রাখার কৌশল নিয়ে কাজ করেছেন স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া। তার মতে, ভারতকে ফাস্ট ব্রেকের সুযোগ কম দিতে পারলেই প্রতিদ্বন্দ্বিতা গড়ার সম্ভাবনা বাড়বে।
অনুশীলন শেষে আলোনসো বলেন, ‘আমার চোখে, ভারত পুরো ৬০ মিনিট দ্রুত গতিতে খেলার মতো সক্ষম ছিল। আর ফাস্ট ব্রেকে যখন ওরা ছুটে আসছিল, আমরা ওদের আক্রমণ থামাতে পারিনি। তাই আমার কাছে মূল বিষয় হলো ভারতকে যেন ফাস্ট ব্রেকে যাওয়ার সুযোগ না দেওয়া হয়।’
আরও পড়ুন
ভারতকে টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল মেনেও নিজেদের উন্নতির ব্যাপারে আশাবাদী কোচ। তিনি বলেন, ‘হ্যাঁ, আমার বিশ্বাস আগের ম্যাচের চেয়ে আমরা আরও ভালো করতে পারব। আর আমরা ভারতের সঙ্গে সমানতালে লড়াই করতে পারব বলেই মনে করি। তাই সেটাই আমার লক্ষ্য- আরও ভালো খেলা এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।’
ভারতের সঙ্গে ব্যবধান কমাতে আক্রমণে ভুল কমানোর ওপরও জোর দিচ্ছেন আলোনসো। তার বিশ্বাস, পুরো ৬০ মিনিট লড়াই করতে পারলে ফলের সম্ভাবনাও তৈরি হবে। তবে সে জন্য বাংলাদেশের আরও অনুশীলন ও আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রয়োজন বলে মনে করেন তিনি।
আগের ম্যাচের ভুল শুধরে ভালো খেলার প্রত্যাশা বাংলাদেশের খেলোয়াড় মাসুদা আক্তারেরও। তিনি বলেন, ‘আমরা যদি এই ভুলগুলো সংশোধন করতে পারি অবশ্যই কালকে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব।’
দলের আরেক খেলোয়াড় আছিয়া আক্তারের চাওয়াও একই— ব্যক্তিগত নৈপুণ্যের চেয়ে দলীয় সমন্বয়ে নিজেদের সেরাটা দেওয়া। ভারতের শক্তিমত্তা জানা থাকলেও লড়াইয়ে পিছিয়ে থাকতে চান না তারা। শিরোপার মঞ্চে বাংলাদেশের পরীক্ষা তাই শুধু ভারতের বিপক্ষে নয়, আগের ম্যাচের ভুলগুলো কাটিয়ে ওঠারও।
তোফায়েল/এএফ
