আলপনা আক্তার, মিষ্টি খাতুন ও শ্যামলী মিংয়ের নৈপুণ্যে ভারত ম্যাচের আত্মবিশ্বাসও সঞ্চয় করে নিয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল।
Published : 18 Oct 2026, 06:52 PM
Updated : 18 Oct 2026, 06:51 PM
একাই সাত গোল করলেন আলপনা আক্তার। মিষ্টি খাতুন ও শ্যামলী মিংও জালের দেখা পেলেন ছয়বার করে। বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফি ২০২৬ এশিয়া জোন–২-তে দাপুটে শুরু পেল বাংলাদেশ।
শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে রোববার নেপালকে ৩৩-২০ গোলে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক ইসমেতারা নিশি গোল করেছে ৫টি। এছাড়া সায়মা জান্নাত সীমা ৪টি, মাসুদা আক্তার ২টি গোল এবং পূর্ণিমা রানী, অনুরাধা পাহান ও তাসনিয়া রহমান আরশা করেন একটি করে গোল।
ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে আধিপত্য করে বাংলাদেশ। দল ১৩-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে নেপালকে আরও কোণঠাসা করে ১০ গোল তুলে নেয় বাংলাদেশ। সব মিলিয়ে ১৩ গোলে জিতে আসর শুরু করে স্প্যানিশ কোচ আনা আলোনসোর দল।
এই জয়ে ২০১৯ সালের এসএ গেমসে নেপালের কাছে হারের মধুর প্রতিশোধও নিতে পারল বাংলাদেশ। ম্যাচ সেরা আলপনার কণ্ঠে ফুটে উঠল সে তৃপ্তি। সোমবার শক্তিশালী ভারতের মুখোমুখি হওয়ার আত্মবিশ্বাসও তিনি পাচ্ছেন নেপাল ম্যাচের জয় থেকে।
“আসলে আমার অনেক ভালো লাগছে। উনিশে (২০১৯) আমরা একবার নেপালের কাছে হেরেছিলাম, ওই ক্ষোভটা মনের মধ্যে ছিল। মনে মনে ভেবেছিলাম আজকে আমরা জিতব। আল্লাহর রহমতে তা-ই হয়েছে, আমরা জিততে পেরেছি।
“নেপালের বিপক্ষে এই ম্যাচটা অনেক ভালো লেগেছে, আমরা সবাই খুব ভালো খেলেছি। কাল আমাদের ভারতের সাথে খেলা, সেখানেও অবশ্যই আমরা ভালো করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
