ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে উৎসব নির্বিঘ্নে উদযাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
১৫ অক্টোবর বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। এ দেশে বিভিন্ন ধর্মের মানুষ দীর্ঘদিন ধরে নিজ নিজ ধর্মীয় রীতি ও ঐতিহ্য অনুসরণ করে উৎসব পালন করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও হিন্দু সম্প্রদায়ের মানুষ পূর্ণ নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দেশের ঐতিহ্য ও সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে দুর্গোৎসবের সময় হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জামায়াত আমির আরও বলেন, জাতীয় সংসদের প্রধান বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। সব ধর্মের মানুষ যেন স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সেটিই প্রত্যাশা।
তিনি জানান, জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
