মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে নিখোঁজ হওয়া তিন স্কুলছাত্রীকে কক্সবাজারের একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মেনহাজুল আলম।
তিনি জানান, গত শনিবার রাতে কক্সবাজারের কলাতলী এলাকার গ্র্যান্ড তাজ হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তিন ছাত্রীরই বয়স ১৪ বছর। তাদের মধ্যে দুজন ভাগ্যকুল হরেন্দ্রনাথ স্কুলের অষ্টম শ্রেণির, অন্যজন বালাসুরের দারুল উলুম মহিলা মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। গত ১৪ অক্টোবর প্রতিদিনের মতো স্কুলের উদ্দেশে বের হয়ে তারা আর বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা সন্ধান না পেয়ে পরদিন নিখোঁজ এক ছাত্রীর মা থানায় জিডি করেন। তদন্তের একপর্যায়ে এসআই শফিকুল ইসলাম জানতে পারেন, টিকটক ও ফ্রি ফায়ার গেম খেলার সুবাদে রাঙামাটির এক কিশোরের সঙ্গে পরিচয়ের পর ওই তিন ছাত্রী বাড়ি ছেড়েছিল। পরে রাঙামাটি গিয়ে ওই কিশোরকে জিজ্ঞাসাবাদের পর অভিযান চালিয়ে কক্সবাজার থেকে তাদের উদ্ধার করে পুলিশ। হোটেলটিতে তারা নিজেদের নবম শ্রেণির শিক্ষার্থী পরিচয় ও মিরপুরের ভুয়া ঠিকানা ব্যবহার করে তিন দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেয়। হোটেল ভাড়া নিতে স্থানীয় এক অটোরিকশাচালক তাদের সহযোগিতা করেন।
জিজ্ঞাসাবাদে ছাত্রীরা জানায়, পারিবারিক অশান্তি, বাবা-মায়ের মধ্যে মনোমালিন্য, কঠোর অনুশাসন, অপমান ও তুচ্ছতাচ্ছিল্যের কারণে তারা মানসিকভাবে অতিষ্ঠ হয়ে পড়েছিল। সীমান্ত পেরিয়ে পার্শ্ববর্তী দেশে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। দ্রুত অভিযান পরিচালনা করে তিন ছাত্রীকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
