টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, কারা-কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এবং কোথায়, কীভাবে খুন সংঘটিত হয়েছে; এ ব্যাপারে পুলিশের নিশ্চিত কোনো তথ্য নেই।
কক্সবাজারের টেকনাফে জাদিমুরা এলাকায় নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, সকাল ছয়টার দিকে নাফ নদীতে নৌকার মধ্যে গুলিবিদ্ধ মরদেহটি দেখতে পান।
পরে নৌকা থেকে মরদেহটি তীরে এনে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
গ্রাম পুলিশ সদস্য আবদুল আমিন জানান, নিহত ব্যক্তির চোখের ওপরের অংশে গুলির আঘাত রয়েছে।
হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তবে এখনও তার পরিচয় জানা যায়নি।
টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, কারা-কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে এবং কোথায়, কীভাবে খুন সংঘটিত হয়েছে; এ ব্যাপারে পুলিশের নিশ্চিত কোনো তথ্য নেই।
