সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় হতাশা প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, পবিত্র মক্কায় মানুষ পবিত্র উদ্দেশ্য নিয়ে যান। সেখানে গিয়ে এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে আলোচিত ঘটনায় তথ্যের ঘাটতি রয়েছে উল্লেখ করে সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ভালো, গভীর ও ঐতিহাসিক। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বর্তমান সরকারের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সৌদি সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ ঘটনায় তথ্যের ঘাটতি ছিল। কোথায় এবং কী ধরনের ত্রুটি রয়েছে, তা খতিয়ে দেখতে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে।
মৃত্যুদণ্ড কার্যকরের কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে অভিযোগের ভিত্তিতে এই শাস্তি কার্যকর করা হয়েছে, তা বাংলাদেশের জন্য হতাশাজনক। মক্কায় যাওয়ার উদ্দেশ্য পবিত্র হওয়া উচিত। অভিযোগের কথা সত্য হলে বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং হতাশার।
প্রতিমন্ত্রী আরও বলেন, সৌদি আরবে নিজস্ব আইন রয়েছে এবং সেখানে কোন কাজগুলো দণ্ডনীয় অপরাধ, সে বিষয়ে বাংলাদেশিদের সচেতন থাকা প্রয়োজন। কেউ অপরাধ করলে সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়টি রয়েছে।
নিহত দুই বাংলাদেশির পরিচয় সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, তাঁদের পরিচয় গণমাধ্যমের খবরে এসেছে। বিদেশে কোনো বাংলাদেশি অপরাধে জড়ালে সংশ্লিষ্ট দেশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে অবহিত করা গুরুত্বপূর্ণ। এতে সংশ্লিষ্ট ব্যক্তিকে প্রয়োজনীয় কনস্যুলার সেবা দেওয়ার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আইনি জটিলতা এড়াতে সংশ্লিষ্ট দেশের আইনকানুন সম্পর্কে আগে থেকেই ধারণা রাখা উচিত। সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদের দেশটির আইন মেনে চলা এবং আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এদিকে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ঘটনার বিভিন্ন দিক পর্যালোচনায় সৌদি আরবের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
The post ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ appeared first on ভোরের চেতনা.
