গাইবান্ধার সাদুল্লাপুরে পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে ভিডিপি (ভিলেজ ডিফেন্স পার্টি) সদস্য মোছা. পারভীন বেগম (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি হার্ড অ্যাটাকে (হৃদ্যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে) মারা গেছেন বলে বলে জানা গেছে।
রোববার (১৮ অক্টোবর) রাতে ঢাকা পোস্টকে এসব নিশ্চিত করেছেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান (বিভিএমএস)।
এর আগে এদিক সকালে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজায় ভিডিপি সদস্য হিসেবে দায়িত্বপালন করছিলেন তিনি।
ওই নারীর মৃত্যুসনদের বরাতে জানিয়েছে আনসার ও ভিডিপি বিভাগ জানিয়েছে পারভীন বেগম (৪৫) ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি হার্ড অ্যাটাকে (হৃদ্যন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে) মারা গেছেন। তবে, চিকিৎসায় কোনো ত্রুটি হয়েছে কি-না এমন বিষয় খতিয়ে দেখতে জেলা স্বাস্থ্য বিভাগকে জানিয়েছে সংস্থাটি।
পারভীন বেগম উপজেলার দামোদরপুর ইউনিয়নের কিশামত বড়বাড়ি গ্রামের মফিজল হকের মেয়ে। তিনি ভিডিপির (ভিলেজ ডিফেন্স পার্টি) প্রশিক্ষণপ্রাপ্ত একজন সদস্য ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার কিশামত বড়বাড়ি সর্বজনীন দুর্গামন্দিরে পূজা উপলক্ষ্যে দায়িত্বপালন করছিলেন পারভিন বেগম। গতকাল শনিবার দায়িত্বপালনকালে তিনি অসুস্থবোধ করেন এবং বিষয়টি সেখানকার প্লাটুন কমান্ডারকে (পিসি) জানিয়ে বাড়ি ফেরেন। পরে তার একটানা পাতলা পায়খানা ও বমি শুরু হয়। এতে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বিকেলের দিকে চিকিৎসার জন্য স্বজনরা তাকে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আজ (রোববার) সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গাইবান্ধা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান বলেন, পারভীন বেগম আনসার সদস্য নয়, তিনি একজন ভিলেজ ডিফেন্স পার্টি অর্থাৎ ভিডিপি সদস্য ছিলেন।
এসময় পরিবারের বরাতে তিনি জানান, গতকাল পাতলা পায়খানা নিয়ে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছিলেন। কিন্তু তিনি বিষয়টি আমাদেরকে জানাননি। চিকিৎসকের দেওয়া তার ডেথ সার্টিফিকেটে বলা হচ্ছে- তিনি হার্ড অ্যাটাকে মারা গেছেন।
এ কর্মকর্তা বলেন, হাসপাতালে ভিডিপি সদস্য পারভীন বেগমের সুচিকিৎসা হয়েছে কিনা বা চিকিৎসায় কোনো ত্রুটি হয়েছে কিনা সেসব বিষয়ে জেলার সিভিল সার্জনকে জানানো হয়েছে। তিনি একটি কমিটি করবেন এবং বিষয়গুলো খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
একই সাথে নিহত পারভীনের পরিবারকে তাদের বাহিনীর পক্ষ থেকে ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
প্রসঙ্গত, এ বছর জেলার ৬৩২টি মণ্ডপ ও মন্দিরে পালন করা হচ্ছে দুর্গাপূজা। এসব উৎসবস্থলে ৪০০২ জন আনসার ও ভিডিপি নারী-পুরুষ সদস্য দায়িত্বপালন করছেন। ৬৩২টি মণ্ডপ ও মন্দিরের প্রত্যেকটিতে দুজন করে নারী আনসার ও ভিডিপি সদস্য কাজ করছেন।
মাসুম বিল্লাহ/এসএইচএ
