নগরীতে মুদি দোকানদারকে পেটে গুলি, তেরখাদায় যুবদল নেতার পাঁজরে গুলি; মোটরসাইকেলে এসে হামলা চালিয়ে পালাল দুর্বৃত্তরা
স্টাফ রিপোর্টার।।
খুলনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের অবস্থানের মধ্যেই মহানগরী ও জেলায় পৃথক দুটি গুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়ায় এক মুদি দোকানদারকে গুলি করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। একই দিন বেলা ১১টার দিকে তেরখাদায় গুলিবিদ্ধ হয়েছেন এক যুবদল নেতা। দুই ঘটনায় আহত ব্যক্তিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। উভয় ঘটনায় হামলাকারীরা মোটরসাইকেলে এসে গুলি চালিয়ে পালিয়ে যায়।
পরপর এসব গুলির ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, দুই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
দক্ষিণ টুটপাড়ায় মুদি দোকানদারকে গুলি: শনিবার সন্ধ্যা ৭টার দিকে খুলনা থানাধীন দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে গুলির ঘটনা ঘটে। এতে ধনঞ্জয় কুন্ডু ওরফে আকাশ কুন্ডু (৪৫) নামের এক মুদি দোকানদার গুরুতর আহত হন। তাঁর পেটে গুলি লেগেছে।
ধনঞ্জয় কুন্ডু গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা শিবপদ কুন্ডু ও বিনা রানী কুন্ডুর ছেলে। তিনি স্থানীয় গাছতলা মন্দির মোড় এলাকায় মুদি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় একটি মোটরসাইকেলে করে দুই অজ্ঞাত ব্যক্তি গাছতলা মন্দিরের সামনে আসে। এ সময় তারা ধনঞ্জয় কুন্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। গুলিটি তাঁর পেটে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা মোটরসাইকেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানিয়েছে, কারা এবং কী কারণে এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম চলছে।
তেরখাদায় যুবদল নেতার পাঁজরে গুলি: এর আগে শনিবার বেলা ১১টার দিকে খুলনার তেরখাদা উপজেলার সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে গুলির ঘটনা ঘটে। এতে মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতা গুরুতর আহত হন।
রামীম বিশ্বাস পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে। তিনি ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার পর তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আইজিপির সফরের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন: শনিবার খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিংবিষয়ক সুধী সমাবেশে অংশ নেন পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির। সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের চ্যালেঞ্জ, পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব কমানো এবং কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে চলমান অভিযানের কথা তুলে ধরেন।
তবে আইজিপির খুলনায় অবস্থানের দিনেই মহানগরী ও জেলার পৃথক স্থানে দুই ব্যক্তিকে গুলি করে গুরুতর আহত করার ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করা নিয়ে প্রশ্ন উঠেছে।
