Inflation September
খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার বেড়ে ৫.৫৪%
-
- 12 Oct 2026
- by গণশক্তির প্রতিবেদন
×
খাদ্যপণ্য ও জ্বালানির দাম বৃদ্ধির জেরে সেপ্টেম্বরে ভারতের খুচরো মূল্যবৃদ্ধির হার বেড়ে ৫.৫৪ শতাংশে পৌঁছেছে। আগস্টে এই হার ছিল ৪.৮৩ শতাংশ। ক্রেতা মূল্য সূচকের নিরিখে এই মূল্যবৃদ্ধির হিসেব হয়েছে। মূলত শাকসবজি-সহ বিভিন্ন খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধিই মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির অন্যতম কারণ। অন্যদিকে, গত বছরের সেপ্টেম্বরে মূল্যবৃদ্ধির হার মাত্র ১.৫৪ শতাংশ থাকায় তুলনামূলক ভিত্তিমূল্যের প্রভাবও এবারের পরিসংখ্যানে পড়েছে।
আনন্দ রাঠি গ্রুপের প্রধান অর্থনীতিবিদ ও নির্বাহী পরিচালক সুজন হাজরার মতে, সেপ্টেম্বরের মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার তুলনায় সামান্য বেশি। খাদ্যপণ্যের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকায় আগামী দিনেও মুদ্রাস্ফীতির চাপ বজায় থাকার আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে থাকা এবং টাকার বিনিময়মূল্য কমে যাওয়াও মূল্যবৃদ্ধির ঝুঁকি বাড়াচ্ছে।
মুদ্রাস্ফীতি পরিমাপের ক্ষেত্রে পাইকারি মূল্য সূচক (ডব্লিউপিআই) এবং ক্রেতা মূল্য সূচক (সিপিআই)—এই দুটি সূচক গুরুত্বপূর্ণ। পাইকারি মূল্য সূচক মূলত পাইকারি বাজারে পণ্যের দামের পরিবর্তন নির্দেশ করে। অন্যদিকে, ক্রেতা মূল্য সূচক সাধারণ মানুষ প্রতিদিনের বাজার-দোকানে কতটা বেশি দাম দিচ্ছেন, তার হিসাব তুলে ধরে। ফলে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত।
বিশেষজ্ঞদের মতে, খরা ও পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবের মতো পরিস্থিতি কৃষি উৎপাদন ও খাদ্যপণ্যের জোগানে প্রভাব ফেলতে পারে। এ ধরনের সমস্যার কথা আগে থেকেই আলোচনায় এলেও সরকারের কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। কৃষক সংগঠন ও রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
সামনে দীপাবলির মতো উৎসব থাকায় খাদ্যপণ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের চাহিদা বাড়তে পারে। ফলে দাম নিয়ন্ত্রণে রাখা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
মুদ্রানীতি বিষয়ক কমিটির বৈঠকের ভিত্তিতে সুদের হার প্রায় চার বছর পর বাড়িয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির আশঙ্কাও জানানো হয় রিপোর্টে।
