জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান নতুন একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। মেহেদী হাসানের পরিচালনায় নির্মিতব্য ‘আলো’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক।
‘আমার পৃথিবী আঁধার করে, আমার আলো চলে যায়’—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন কবির বকুল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়।
মনির খান বলেন, ক’দিন পর পরই নতুন গানে কণ্ঠ দেই। আজ ‘আলো’ চলচ্চিত্রের জন্য ‘আমার আলো চলে যায়’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলাম। কবির বকুল ভাই বরাবরই অসাধারণ লিখেন ও সুর করেন। কথা ও সুর খুবই সুন্দর হয়েছে। বেশ দরদ দিয়ে গানটি গেয়েছি। আশা করছি শ্রোতাদের কাছে খুবই ভালো লাগবে। দর্শকরাও পর্দায় উপভোগ করবেন গানটি।
বর্তমানে নতুন নতুন গান রেকর্ড করার পাশাপাশি দেশ-বিদেশে মঞ্চানুষ্ঠানে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মনির খান।
উল্লেখ্য, গত আগস্টে দেশীয় সংগীতশিল্পীদের মধ্যে প্রথমবারের মতো ভিডিও ভাগাভাগির মাধ্যম ইউটিউবে এককভাবে ৩০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেন মনির খান। এক দশকে এই সাফল্য অর্জনে সংগীতাঙ্গনের সহকর্মী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক, শ্রোতা, ভক্ত-শুভাকাঙ্ক্ষী এবং পর্দার আড়ালে থেকে কারিগরি ও অন্যান্য কাজে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এমএ
