ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের একটি ব্যক্তিগত ও আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক/ইউটিউব) ছড়িয়ে পড়ার পর তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
পুরো বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে জেলা শাখা। রোববার ভোলা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সাংগঠনিক সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্র ও সামাজিক মাধ্যম থেকে জানা যায়, ছড়িয়ে পড়া ভিডিওটিতে মাওলানা আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কালে আপত্তিকর ও অশালীন অবস্থায় কথা বলতে দেখা গেছে। তিনি ইসলামী যুব আন্দোলনের সাবেক সভাপতি ছিলেন এবং বর্তমানে চরফ্যাশন এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসা পরিচালনা করছেন।
ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে নিজের ভুল ও অনুশোচনা স্বীকার করে অভিযুক্ত ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণ শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন দাবি করেন যে, ভিডিওটি কয়েক মাস আগের এবং সেখানে যুক্ত নারী তার স্ত্রী। তার দাবি অনুযায়ী, ভিডিওটি তার নিজের মোবাইল ফোনেই সংরক্ষিত ছিল, তবে সম্প্রতি ফোনটি হারিয়ে যাওয়ার পর একটি চক্র অসদুপায় অবলম্বন করে ভিডিওটি উদ্ধার করে এবং তা রাজনৈতিক ও মানহানিকর উদ্দেশ্যে ছড়িয়ে দেয়। তিনি আরও বলেন যে, একজন দায়িত্বশীল আলেম ও সমাজসেবক হিসেবে ফোনেও এ ধরনের অসতর্কতা দেখানো তার উচিত হয়নি।
এদিকে ঘটনার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে জানিয়েছেন যে, দলীয় শৃঙ্খলা ও আদর্শ ক্ষুন্ন হওয়ার বিষয়ে তাদের অবস্থান অত্যন্ত কঠোর। তিনি জানান, ভোলা জেলা দক্ষিণ শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট যে বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ওপর ভিত্তি এবং তদন্তে দোষী সাব্যস্ত হলে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, একজন ধর্মীয় ব্যক্তিত্ব ও মহিলা মাদ্রাসার পরিচালকের এমন স্পর্শকাতর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
যার ভিডিও সামাজিক মাধ্যম ভাইরাল হয়েছে তিনি ইসলামী আন্দোলন ভোলা দক্ষিণের সেক্রেটারি এবং যিনি তদন্ত কমিটির প্রধান তিনি একই কমিটির সভাপতি বটে।
এমএইচ
