কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে অনিশ্চয়তার মুখে পড়া দুই কন্যাশিশু ইসরাত ও রোজা মনির পরিবারের পাশে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ স্বপ্ন। শিশু দুটির পরিবারের জীবিকা নির্বাহ ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে একটি গাভী উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটির জন্য টেকসই আয়ের সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বিজ্ঞাপন
গত ১১ অক্টোবর দুপুরে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ বাজার এলাকায় রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন সড়কের পাশে পাঁচ বছর বয়সী ইসরাত ও তার দেড় বছর বয়সী ছোট বোন রোজা মনিকে একা কাঁদতে দেখেন স্থানীয় বাসিন্দারা। শিশু দুটির এমন অসহায় অবস্থার খবর ছড়িয়ে পড়লে তাদের পরিচয় ও পরিবারের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রচারিত হয়।
ইসরাতের ভাষ্য অনুযায়ী, চিপস কিনে দেওয়ার কথা বলে তাদের সেখানে নিয়ে আসেন মা। এরপর দুই শিশুকে একা রেখে চলে যান তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করেও মাকে ফিরে না পেয়ে অনিশ্চয়তা ও অসহায় পরিস্থিতির মুখে পড়ে শিশু দুটি।
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে শিশু দুটির পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে তাদের এক চাচি ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি শিশু দুটিকে নিজের জিম্মায় নেন।
শিশু দুটির এমন পরিস্থিতির খবর জানার পর তাদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে স্বপ্ন। পরিবারটির জীবিকা নির্বাহে সহায়তা করতে একটি গাভী উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে পরিবারটি গাভী পালন ও দুধ বিক্রি করে নিয়মিত আয় করতে পারবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এই উদ্যোগ শিশু দুটির লালন-পালন এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছে স্বপ্ন।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, পরিবারের জন্য আয়ের একটি টেকসই উৎস তৈরি করা, যাতে তারা ভবিষ্যতে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পায়। শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, বরং দীর্ঘমেয়াদে পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বপ্ন মনে করে, ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে তাদের পরিবারের পাশে দাঁড়ানো প্রয়োজন।
ইসরাত ও রোজা মনির পরিবারের জন্য নেওয়া এই উদ্যোগের মাধ্যমে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। গাভী পালন ও দুধ বিক্রির মাধ্যমে পরিবারটি নিয়মিত আয়ের সুযোগ পেলে শিশু দুটির যত্ন, লালন-পালন এবং ভবিষ্যৎ গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা স্বপ্নের।
