আন্ত:ক্যান্টনমেন্ট সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল সোমবার
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
আন্ত:ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার জাতীয় আয়োজন ২০২৬-এর পর্দা নামছে সোমবার (১৯ অক্টোবর)। দুই মাস ধরে চলা এ প্রতিযোগিতার স্কুল ও কলেজ পর্যায়ের ফাইনালে মুখোমুখি হবে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল।
স্কুল পর্যায়ের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল ও সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। কলেজ পর্যায়ে মুখোমুখি হবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।
সোমবার ১৯ অক্টোবর সকাল ৮টা থেকে শুরু হবে প্রতিযোগিতা। দুই ফাইনালেই স্পিকারের দায়িত্ব পালন করবেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি একেএম শোয়েব। বিচারক হিসেবে থাকবেন এনডিএফ বিডির মহাসচিব আশিকুর রহমান আকাশ, যুগ্ম মহাসচিব আবিদা সুলতানা এবং খুলনা জোনের প্রেসিডিয়াম সদস্য মো. মোসাব্বের হোসাইনসহ অন্যরা।

বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে পরিচালিত দেশের ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠান, ১০টি ডিভিশন ও ১১টি এরিয়ার অংশগ্রহণে আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখান থেকে নির্বাচিত স্কুল ও কলেজ পর্যায়ের সেরা ১২টি দল কেন্দ্রীয় পর্যায়ে অংশ নেয়। যশোর ক্যান্টনমেন্ট কলেজে ১৩ অক্টোবর শুরু হয় কোয়ার্টার ফাইনাল পর্ব।
কোয়ার্টার ফাইনালে স্কুল ও কলেজ পর্যায়ে ১২টি করে দল অংশ নেয়। স্কুল পর্যায়ের বিতর্কের বিষয় ছিল, এই সংসদ মনে করে যে, অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা শিক্ষার্থীদের মানসিক চাপ বৃদ্ধি করে। কলেজ পর্যায়েও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকরা যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপন করেন।
শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে। অন্য সেমিফাইনালে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজ। স্কুল পর্যায়ের সেমিফাইনালের বিষয় ছিল, এই সংসদ মনে করে যে, শ্রেণিকক্ষের শিক্ষার চেয়ে সহপাঠ্যক্রমিক শিক্ষা কার্যক্রমই শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধিতে বেশি সহায়ক।

কলেজ পর্যায়ের সেমিফাইনালে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে জয় পায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। অন্যদিকে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এ পর্যায়ের বিতর্কের বিষয় ছিল, এই সংসদ মনে করে যে, পরীক্ষায় অসদুপায় রোধে নৈতিকতার প্রেষণা প্রযুক্তির চেয়ে বেশি কার্যকর।
কেন্দ্রীয় পর্যায়ের এ আয়োজন তদারকি করছেন যশোর ক্যান্টনমেন্টের জিএসও-টু (এডুকেশন) মেজর লুৎফুন নাহার, এইসি এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আকতার হোসেন।
আয়োজকদের আশা, এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্বের গুণাবলি ও সাবলীলভাবে মত প্রকাশের সক্ষমতা আরও বিকশিত হবে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
