নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কর্মরত সাংবাদিকরা।
হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন তারা।
আজ ১৮ অক্টোবর রবিবার সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফুলবাড়িয়া প্রেস ক্লাব ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির ওই অঞ্চলে মাদক কারবার, সীমান্ত চোরাচালান এবং বিভিন্ন অন্যায়-অবিচারের বিরুদ্ধে সবসময় সোচ্চার ও বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে ও অপকর্মের প্রতিবাদ করার কারণেই তাকে নৃশংসভাবে জীবন দিতে হয়েছে।
বক্তারা গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বারবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন, যা স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। সাংবাদিক আলিফসহ দেশে সকল সাংবাদিক নির্যাতন ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান তারা।
ফুলবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিমের সঞ্চালনায় ও সহসভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক আল আমিন, হাফিজুল ইসলাম স্বপন, হেলাল উদ্দিন উজ্জ্বলসহ স্থানীয় অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলনজিয়া গ্রামে দুর্বৃত্তদের গুলিতে নির্মমভাবে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।
The post ফুলবাড়িয়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের শাস্তির দাবি appeared first on Dhaka Protidin.
