
লাকসামে বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি
আরিফুর রহমান স্বপন
লাকসাম পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমেদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি জীবনের নিরাপত্তা চেয়ে লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, শনিবার (১৭ অক্টোবর) সকালে বিএনপি নেতা মনির আহমেদ লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের নশরতপুরের নিজ বাসায় অবস্থানকালে একটি অজ্ঞাত নম্বর থেকে তাঁর ব্যক্তিগত নম্বরে কল আসে। এসময় অজ্ঞাত ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে বিএনপির ওই নেতাকে গালিগালাজ করে এবং তাঁকে হত্যাসহ পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষয়-ক্ষতি করারও হুমকি দেয়। হুমকির পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে চরম আতঙ্কে রয়েছেন বলে জানান বিএনপি নেতা মনির আহমেদ।
এ বিষয়ে মনির আহমেদ বলেন, ১৭ অক্টোবর (শনিবার) সকালে লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডের নশরতপুরের নিজ বাসায় অবস্থানকালে একটি অজ্ঞাত নম্বর থেকে তাঁর ব্যক্তিগত নম্বরে কল আসে। এসময় অজ্ঞাত ব্যক্তি নিজের পরিচয় গোপন রেখে প্রথমে গালিগালাজ করে পরে আমাকে দুই একদিনের মধ্যে হত্যাসহ আমার পরিবারের সদস্যদের বড় ধরনের ক্ষয়-ক্ষতি করারও হুমকি দেয়।
বিষয়টি তিনি কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি মো. আবুল কালামকে অবহিত করেছেন বলে জানান।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ক্যাটেগরি: রাজনীতি
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
