গানের সঙ্গে মেহেদী সরকারের পথচলা ছোটবেলা থেকেই। সংগীতে স্নাতক সম্পন্ন করেছেন। নিয়মিত গাইছেন টেলিভিশন ও বেতারে। এবার হলো তার প্লেব্যাকে অভিষেক।
দুর্গাপূজা উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুনতাসির আকিবের সিনেমা ‘চিরকুট’। সেই সিনেমাতেই মেহদী গেয়েছেন ‘রঙিলা আসমান’। গানটিতে মেহেদীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন রাকিবা ঐশী। গানটি প্রকাশের পর থেকে মিলছে প্রশংসাও।
কিঙ্কর আহসানের কথায় এ গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন মেহেদী সরকার নিজেই। কোরাসে কণ্ঠ দিয়েছেন নাহিয়া কলি, এলিন উল্কা, হাবিবুর রহমান, রিয়াজ উদ্দিন শাহেদ ও তূর্য নন্দী। মিউজিক প্রোগ্রামিংয়ে ছিলেন কৌশিক আহমেদ অন্তর এবং সাউন্ড ডিজাইনে জেএইচ মুন্না।
প্রথম প্লেব্যাক করে মেহেদী উচ্ছ্বসিত, সেই সঙ্গে মায়ের জন্যও বিষণ্ণ মন। তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল, কণ্ঠশিল্পী হবো। সেই স্বপ্নের পথেই হেঁটে চলেছি। এ পথচলায় সব সময়ই পাশে ছিল আমার পরিবার। কিন্তু প্রথম প্লেব্যাক আমার মা শুনে যেতে পারলেন না। আজ মা বেঁচে থাকলে নিশ্চয়ই অনেক খুশি হতেন।’
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন মেহেদী। বর্তমানে পড়ছেন স্নাতকোত্তরে। পাশাপাশি বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নিয়মিত গান করছেন। এ ছাড়া নিজের স্টুডিওতে গান নিয়েও তার ব্যস্ত সময় যাচ্ছে।
প্রসঙ্গত, ‘চিরকুট’ সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, সুমন পাটোয়ারি, কাজী নওশাবা আহমেদ, সিয়াম নাসির, আব্দুল্লাহ আল সেন্টু প্রমুখ। নব্বইয়ের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং স্থানীয় প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সিনেমাটি।
