সিলেট ভয়েস ডেস্ক · ২১ অক্টোবর, ২০২৬ ৮:৩২ অপরাহ্ন
দুই সপ্তাহ বন্ধ থাকার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আবার ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৫ অক্টোবর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এ ছাড়া আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) থেকে দাম্মাম রুটেও ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলাজনিত পরিস্থিতির উন্নতি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিমান বাংলাদেশ জানায়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে রিয়াদগামী অন্য ফ্লাইটগুলো পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল আটটায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে। এসব ফ্লাইট পরিচালনায় বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
বিমান আরও জানায়, ২২ অক্টোবর ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশে একটি করে ফ্লাইট ছেড়ে যাবে।
অন্যদিকে, মদিনাগামী ফ্লাইট নিয়মিত চলছে। এ রুটে বোয়িং ৭৮৭ উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের কার্যক্রম ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এর আগে, চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১৪ জন নিহত হন। এরপর ওই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত করে সৌদি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ১০ অক্টোবর ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট বাতিল করে বিমান। পরে দাম্মাম রুটের ফ্লাইটও বাতিল করা হয়।
গুগলে আমাদের খবর পেতে
