জুলাই সনদ বাস্তবায়নে জাতির সঙ্গে প্রতারণা করেই বিএনপিই বিরোধীদলকে আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে। এবি পার্টির আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘দলটি রাতারাতি তাদের অতীত ভুলে গেছে।’ এসময়, ১১ দলীয় জোটের নেতারা বলেন, সংস্কারকে পাশ কাটিয়ে আধিপত্যবাদের সঙ্গে আপোস করে দেশ পরিচালনা করছে বিএনপি।
জুলাই সনদ স্বাক্ষরের এক বছর পূর্তি উপলক্ষে, রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন এবি পার্টির, যেখানে উপস্থিত ছিলেন ১১ দলের শীর্ষ নেতারা।
আলোচনায় অংশ নিয়ে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন ‘জুলাই সনদ বাস্তবায়নের নামে ১৭টি ধারা লংঘন করেছে বিএনপি।’
অভিযোগ করেন, তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। এলডিপি সভাপতি অলি আহমেদ বলেন, ‘অযোগ্য লোকদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে বিএনপি।’
সরকারের এজেন্ডা বাস্তবায়নে সহায়তা না করতে আলেমদের প্রতি আহ্বান জানান খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
সভায় এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, ৩১ দফার অঙ্গীকার থেকেই সরে গেছে বিএনপি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জ্বালানি সংকট সমাধানেও সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি।
